বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক ও জাগোনিউজ২৪.কম-এর বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন তিনি।
আজ ১৮ এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় রাজধানীতে বিএসজেএ’র ২০তম দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সদস্য এটিএম সাইদুজ্জামান।
সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ’র সিনিয়র সদস্য মোঃ শফিকুল করিম সাবু। এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদেই কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি), আরিফুল ইসলাম রনি (বিডিনিউজ২৪.কম)। সাধারণ সম্পাদক, এসএম সুমন (বৈশাখী টেলিভিশন)।
যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট)। অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)। নির্বাহী সদস্য মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মণ্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান রাব্বী (রাইজিং বিডি), আতিফ আজম (দ্য ডেইলি সান), মোঃ মাঝহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)।
বিএসজেএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আরিফুর রহমান বাবু ক্রীড়া সাংবাদিকতায় একটি সুপ্রতিষ্ঠিত নাম। ১৯৬৫ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কেটেছে পুরান ঢাকার নারিন্দা ও শ্যামবাজার এলাকায়। শিক্ষা জীবনে তিনি সেন্ট গ্রেগরী হাই স্কুল, কবি নজরুল কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।
খেলাধুলার প্রতি গভীর অনুরাগ থেকেই ১৯৯২ সালে ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন তিনি। জনকণ্ঠের সূচনালগ্নে ৭ জন প্রতিষ্ঠাতা রিপোর্টারের একজন ছিলেন বাবু। এরপর দৈনিক সমকাল, সকালের খবরের মতো শীর্ষ পত্রিকায় দীর্ঘ সময় কাজ করেছেন। প্রিন্ট মিডিয়ার প্রায় দেড় যুগের অভিজ্ঞতা শেষে ২০১৬ সালে অনলাইন মাধ্যম জাগোনিউজ২৪.কম-এ বিশেষ সংবাদদাতা হিসেবে যোগ দেন এবং এখনো সেখানে দায়িত্ব পালন করছেন।
প্রায় তিন দশকের সাংবাদিকতা জীবনে দেশের বাইরে ৯টি আইসিসি টুর্নামেন্ট কভার করেছেন তিনি। এর মধ্যে ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপসহ উল্লেখযোগ্য আসরগুলো রয়েছে। ১৯৯৭ সালে কুয়ালালামপুরে বাংলাদেশের ঐতিহাসিক আইসিসি ট্রফি জয় এবং ২০০০ সালের প্রথম টেস্ট ম্যাচের মতো ঐতিহাসিক মুহূর্তগুলো প্রত্যক্ষ করেছেন তিনি।
১৯৯৪ সালে বিএসজেএর সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন আরিফুর রহমান বাবু। এরপর ২০০৩ সালে প্রথমবার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। সংগঠনে পাঁচবার সহ-সভাপতির দায়িত্ব পালন শেষে এবার প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন।
তার নির্বাচনকে সংগঠনের জন্য এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ক্রীড়া সাংবাদিক সমাজ। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং দীর্ঘ পথচলার আলোকে বিএসজেএ’র কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলেই আশা করছেন সবাই।
